ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মধুর ক্যান্টিনে একটি অনুষ্ঠানে ফাহিম ফারুকী দাবি করেন—ইসলামী আন্দোলন “র”-এর অর্থায়নে চলে এবং আওয়ামী লীগকে সুবিধা দিতে কাজ করে। তাঁর ওই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ বা নথিপত্র দেখাতে পারেননি। এতে সংগঠনটির মানহানি হয়েছে। এ জন্য মামলা করা হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়, গত ২০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে নিয়ে কিছু বক্তব্য দেন। তিনি এসব বক্তব্য প্রকাশ্যে প্রচারও করেন।
অভিযোগে ফাহিম ফারুকীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যদি কোনো রাজনৈতিক দল র ও পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখতে ভূমিকা রেখে থাকে, সেটি হলো চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল। তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে এবং পরোক্ষভাবে দলটির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করেছে।’
এ ছাড়া তিনি বলেছেন, ‘বাংলাদেশ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন নিয়ে, টাকা নিয়ে র-এর সঙ্গে বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে থাকলে, সেটি হলো চরমোনাইয়ের ফজলু ও রেজু।’ মামলার অভিযোগে এসব বক্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়, এসব বক্তব্য অত্যন্ত গুরুতর ও ক্ষতিকর। এর মাধ্যমে বাদীর বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা, অবৈধ বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অথচ এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ, যাচাই করা তথ্য বা সমর্থনযোগ্য নথি উপস্থাপন করা হয়নি বলে মামলার আরজিতে দাবি করা হয়।
মামলায় আরও বলা হয়, বাদী তাঁর আইনজীবীর মাধ্যমে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠান। নোটিশে মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ করা, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি এসব দাবির কোনোটি পূরণ করেননি বলে উল্লেখ করা হয়।