মশার উপদ্রব ও উৎপাত ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা উত্তর সিটি করপোরশনের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ডাকযোগে নোটিশটি পাঠান ঢাকার জজ কোর্টের আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম (রাশেদ)। এতে বলা হয়েছে—নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী রিট পিটিশন দায়েরসহ প্রয়োজনীয় সকল আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
নোটিশে বলা হয়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর-১, ডি ব্লক, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করা অবস্থায় আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। ওই বছরের ৩১ অক্টোবর অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা গ্রহন করার পর হাসপাতালে মৃত্যুবরন করেন। দীর্ঘদিন যাবৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মশার অস্বাভাবিক ও বিপজ্জনক মাত্রায় বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।
আরও বলা হয়, এডিস ও কিউলেক্স প্রজাতির মশার আধিক্যের ফলে ডেঙ্গু, চিকনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ ব্যাপক আকার ধারণ করেছে। যা নাগরিকদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। এই নিষ্ক্রিয়তা ও অবহেলা প্রশাসনিক ব্যর্থতা নয় বরং বিধিবদ্ধ দায়িত্বে চরম গাফিলতি, যা সংবিধান -প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্যযোগ্য। অন্যথায় নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহন না করা হলে সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী রিট পিটিশন দায়েরসহ প্রয়োজনীয় সকল আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।