হোম > আইন-আদালত

নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের টাকার জন্য নামাজরত অবস্থায় বৃদ্ধ মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে আবু বক্কর ছিদ্দিককে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

ঘটনার দিন মাদকের টাকা না পেয়ে তিনি তার ৮০ বছর বয়সি মা খায়েরা বেগম ওরফে খায়রুন্নেছার ওপর ক্ষিপ্ত হন। পরে মা যখন জোহরের নামাজ আদায়ের সময় সেজদায় যান, তখন আবু বক্কর সিদ্দিক কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে ছোট ভাই আবু বক্কর সিদ্দিককে একমাত্র আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও চৌদ্দগ্রাম থানার তৎকালীন উপপরিদর্শক মো. নাসের তদন্ত শেষে ২০২১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আলামত ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর আদালতের বাইরে মামলার বাদী ও নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম সন্তোষ প্রকাশ করে বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সালিশ-বৈঠক হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত জোহরের নামাজের সময় সিজদারত অবস্থায় সে মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

তিনি আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে ঘাতক ভাইয়ের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান। রায়ের পর দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিককে কড়া পুলিশি পাহারায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এমএইচ

মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

আদালতে আখতারুজ্জামান, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

বিমানবন্দরে বিশৃঙ্খলা, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর

নিউগিনি প্রপার্টিজ ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন রিমান্ডে

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক সাত দিনের রিমান্ডে

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় তিনজন রিমান্ডে

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ