মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতায় এই অবৈধ ব্যবসার সন্ধান মেলে। দীর্ঘ দুই মাস নজরদারির পর সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট শিশা আমদানিকারকদের শনাক্ত করে তাদের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে।
পরে ডিএনসি গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে তাঁদের কাছে ৫ কেজি শিশার অর্ডার দেওয়ার পর আমদানির পুরো প্রক্রিয়াটি মনিটরিং করা হয়। ওই ৫ কেজি শিশা সংগ্রহ করতে গিয়ে এর সঙ্গে আমদানি করা আরও ২৫ কেজি মিলিয়ে মোট ৩০ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়। এ ঘটনায় এক প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ডিএনসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১১ নভেম্বর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের একটি ভবনে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের ভেতরে থাকা মো. সোলাইমান আহমেদ শুভকে (৩১) আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, প্রতিষ্ঠানের ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা ‘আল ফাখের’ ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলাইমান জানান, উত্তরা পূর্ব থানাধীন ‘সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজ’-এর মালিক মো. শাকিল আহমেদের মাধ্যমে তিনি এসব শিশা সংগ্রহ করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর সকালে উত্তরা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক মো. শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
পরে শাকিল আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকার ‘ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক মো. মেহেদী হাসানকে (৪৬) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে তিনি শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন এবং শাকিলের মাধ্যমেই তা সোলাইমানের কাছে পৌঁছাত।
গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিশা ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলাইমান জানান, সালমান নিবিড়সহ তাঁরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ শিশার ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এই চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন। সালমান নিবিড়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার করা শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অধিকতর অনুসন্ধান চলছে। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে এসব পণ্য হংকং থেকে বাংলাদেশে আনা হয়েছে এবং আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ আমদানির কাগজপত্রের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আনা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। গ্রেপ্তার মো. সোলাইমান আহমেদ শুভ, মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।