হোম > আইন-আদালত

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

আমার দেশ অনলাইন

নাজমুল আহসান কলিমউল্লাহ । ফাইল ছবি

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় করা তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দেখানোর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, কলিমুল্লাহর কোনো রাজনৈতিক পদ নেই। তিনি একজন অধ্যাপক। আওয়ামী লীগ সরকারের আমলেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন। এ কারণেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন এবং তরিকুল ইসলাম রুবেল হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

এ সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য দেন নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেন, ছাত্রজীবন ও শিক্ষকতা জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। এখনো নেই।

কলিমুল্লাহ বলেন, উপাচার্য থাকাকালে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। এ কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

তার ভাষ্য, তিনি উপাচার্য থাকাকালে জুলাই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। সাঈদ হত্যার প্রতিবাদও তিনি করেছিলেন এবং এ বিষয়ে কথা বলেছিলেন।

কলিমুল্লাহ বলেন, ‘আমি একজন শিক্ষক, এর বাইরে আর কিছু নই।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আগেও গ্রেপ্তার, জামিনেও মুক্তি মেলেনি

গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিনই তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। পরে এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিননামা দাখিলের অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির। অন্য কোনো মামলা না থাকায় তখন কারামুক্তির অপেক্ষায় ছিলেন তিনি।

তবে গত ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এতে তার মুক্তি আটকে যায়। পরে সম্প্রতি ওই মামলায় জামিন পান তিনি।

এর মধ্যে গত ৭ সেপ্টেম্বর তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন কাফরুল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।

যেভাবে তরিকুল ইসলাম রুবেল নিহত হন

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা করা হয়। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম রুবেল।

পরে এ ঘটনায় মামলা করা হয়।

এএম

সালমান শাহ হত্যা মামলা: ডনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি

ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়

মুগ্ধ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

খোকনের সঙ্গে বিতণ্ডায় প্রধান বিচারপতির এজলাস ত্যাগ

সাভারে পুলিশ হত্যা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম

জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ

১০৪ বছর বয়সে ১০ বছরের সাজা নিয়ে কারাগারে নুর মোহাম্মদ

আইনজীবীকে জরিমানার বিষয় উপস্থাপন করলেন বার সভাপতি, একপর্যায়ে এজলাস ছাড়লেন বিচারপতিরা