বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মো. সাঈদ খোকনকে (৫৬) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কিশোর মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের (রমনা জোনাল টিম) পরিদর্শক মো. সুজন হক এই রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সরকারের পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করে আসছিলেন। পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর এখনও যোগাযোগ রয়েছে এবং তিনি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ব্যাপক পরিকল্পনা করছেন বলে তদন্তে উঠে এসেছে।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে, অন্য আসামিদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে, পলাতক আসামিদের বর্তমান অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তারসহ অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ ছাড়া সাঈদ খোকনের আশ্রয়দাতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ, আসামিদের বর্তমান আস্তানা এবং দেশে অবস্থানরত তাঁর বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য উদ্ঘাটনের জন্যও তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। আন্দোলন চলাকালে তার বুক ও গলায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এই হত্যা মামলায় সাঈদ খোকনকে ২৯ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।