জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে বংশাল থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতিবাজার মোড় এলাকায় হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। দুর্বৃত্তদের হামলায় জবির প্রক্টর ছাড়াও গাড়ির ড্রাইভার আহত হয়েছেন।
জানা গেছে, সন্ধ্যায় জবির প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের গাড়ি তাঁতিবাজার পার হচ্ছিলেন। ওই সময় রাস্তায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে গুলিস্তান থেকে ৬০-৭০ জন লোক চলে এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িতে হামলা করে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, তাঁতিবাজার মোড়ে আমাদের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। তখনই পাশ থেকে ইটপাটকেল ছুড়তে থাকে স্থানীয়রা। ৫-৭ মিনিটের মধ্যে ওইখানে শতাধিক লোক ছুটে আসে। প্রথমে আমার গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে বের করে মারধর করে। আমি গাড়ি থেকে বের হলে আমার ওপরও হামলা চালায়। এসময় হামলাকারীরা বলতে থাকে ‘জগন্নাথের শিক্ষার্থীদের তো পেলাম না! শিক্ষকদের মেরে দিলাম।’
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের গাড়ির সাথে একটি রিকশায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাঁতিবাজার সড়কে অবস্থান নেয়। পরে তারা প্রক্টরসহ থানায় আসেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলা চালায় গুলিস্তানের লেগুনা চালকরা। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের রাস্তা থেকে ১৪টি লেগুনা আটকে রাখেন জবি শিক্ষার্থীরা। ওই ঘটনার রেশ ধরে জবি প্রক্টরের ওপর হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।