শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (১৭ আগস্ট) আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই কেন কিউএস রেটিং সীমাবদ্ধ থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করে রেটিং করা হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানও আরও ভালো হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনেও পিএইচডি ডিগ্রি চালু না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এহছানুল হক মিলন। তিনি জানতে চান, এত বছরেও কেন এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
গবেষণার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী গবেষক রয়েছেন, যারা বিদেশের উন্নয়ন ও গবেষণায় নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাচ্ছেন। অথচ তাদের দেশে কাজে লাগানোর মতো করে চিহ্নিত করতে না পারা বাংলাদেশের জন্য একটি ব্যর্থতা।
তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বাড়ানো এবং মেধাবী গবেষকদের দেশেই কাজে লাগানোর বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।
এসআর