মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তাদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে ‘মাদরাসা ছাত্র সমন্বয় ও উইং গঠন উপকমিটি’ অনুমোদন করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
বুধবার ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ উপকমিটি অনুমোদন করা হয়।
সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খানে নির্দেশনায় গঠিত এ উপকমিটির তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইনজামামুল ইসলাম। প্রধান হিসেবে শহীদুল্লাহ শুয়াইব এবং উপ-প্রধান হিসেবে আফনান দায়িত্ব পালন করবেন।
উপকমিটির সদস্যরা হলেন, লোকমান সরদার, হানজালা আল আজাদী, সাব্বির আহমদ, জুনায়েদ হাসান, শারাফত শরীফ, আরাফাত, ইসমাইল সিরাজী, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আমিনী, ইমতিয়াজ আহমেদ, আল আমীন ও আল-আমীন ফাহাদ।
উপকমিটির মাধ্যমে দেশের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত ছাত্র উইং গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে উপকমিটি।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মনে করে, আলেমদের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদেরও পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রমের একটি নিজস্ব প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং ভবিষ্যতে একটি কার্যকর ছাত্র উইং গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।