জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও একই বিভাগের কৃষন চন্দ্র বর্মণ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শিপন হোসেন এবং একই বিভাগের সতীর্থ বিশ্বাস (বাঁধন)।
এতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পাশে বহিষ্কৃত ৪ শিক্ষার্থী মদ্যপ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়েন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের কাছে মাদকদ্রব্য পাওয়ায় তাদের ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।