ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৫-২৬ কার্যকরী বছরের কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম (দক্ষিণ) এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার (উত্তর)।
সোমবার সন্ধ্যায় কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত সাদা দলের এক সাধারণ সভায় এই কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় সাদা দলের কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থন প্রাপ্ত হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করা হয় এবং সভায় উক্ত নামগুলো উপস্থাপন করা হলে সভা তা অনুমোদন করে।
সাদা দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত ডিসেম্বরের ৫ তারিখের মধ্যে স্ব স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে।
ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ সাদা দল কেন্দ্রীয় কমিটির গত ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায় ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম ৭টি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানী-এর নাম ৪টি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।
এছাড়াও যুগ্ম আহবায়ক (উত্তর) হিসাবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার-এর নাম ৭টি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলাম-এর নাম ৪টি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীন-এর নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।
ঘোষিত নতুন কমিটিকে 'অগ্রহণযোগ্য' উল্লেখ করে 'প্রস্তাবিত অ্যাডহক' কমিটি গঠন
ঘোষিত নতুন কমিটিকে 'অগ্রহণযোগ্য' উল্লেখ করে নতুন নেতৃত্বে সাদা দলকে পুনর্গঠন করার দাবি জানিয়ে সাদা দলের একটি অংশ অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নেতৃত্বে আলাদা হয়ে নতুন একটি 'প্রস্তাবিত অ্যাডহক' কমিটি গঠন করেছে। সোমবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয় টিচারস' ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করা হয়।
যুগ্ম-আহ্বায়ক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আলমুজাদ্দেদী আলফেছানী ও তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মেজবাহ্-উল-ইসলাম নাম ঘোষণা করা হয়।
এছাড়াও প্রস্তাবিত অ্যাডহক কমিটিতে ছয় সদস্যের একটি উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।
উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজি, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ শফিক আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম এবং ইইই বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন।
বিশেষ সিন্ডিকেটের ইচ্ছাই গঠনতন্ত্র, গঠনতন্ত্র বিরোধী বিশেষ বলয় তৈরি, স্বৈরাচারী ও অগণতান্ত্রিক মনোভাব, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলনের ব্যর্থতা, সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের আস্থা হারানোসহ ১০টি অভিযোগ এনে বের হয়ে যাওয়া অংশটি বলেন, অধ্যাপক মোর্শেদ হাসান বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দলীয় পদে আসীন। বিএনপি'র গঠনতন্ত্রের ১৫ ধারায় 'এক নেতা এক পদ' বাস্তবায়নেই সাদা দলের পেশাজীবীরা দেখতে চায়।
এছাড়াও দুইজন যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও আবুল কালাম সরকার গঠনতন্ত্র বিরোধী বিশেষ (বলয়) কমিটির সদস্য হওয়ায় এবং ১০-১৫ বছর নেতৃত্বে থাকায় তারাও বর্তমান প্রস্তাবিত পদে থাকার নৈতিক কার্যকর অধিকার হারিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়