কোনো ধরনের প্রশিক্ষণ বা পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই ড্রাইভিং লাইসেন্স প্রদান একটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
রোববার বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের ৩১৬ নম্বর কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘দক্ষ চালক, নিরাপদ যাত্রা ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একজন দক্ষ চালকের গাড়ি চালনার টেকনিক্যাল জ্ঞান, গাড়ির ইঞ্জিন সম্পর্কিত ধারণা এবং নৈতিকতা থাকা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, দেশে সড়ক দুর্ঘটনার একটি বড় অংশ ঘটে অদক্ষ চালক ও হেলপারদের কারণে। পাশাপাশি ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন এবং মেয়াদোত্তীর্ণ গাড়িও দুর্ঘটনার জন্য দায়ী।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মেসবাহ-উল আজম সওদাগর।
রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এবং কোতয়ালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান। তাঁরা নিরাপদ যাত্রা নিশ্চিতকরণ, দক্ষ চালক তৈরি ও সচেতনতা বৃদ্ধির ওপর দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার ও হেলপাররা তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেন।