ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা আন্তরিক। সবাইকে নিয়ে আমরা এই নির্বাচনটি করতে চাই। এমনটিই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি।
এসময় ঢাবি উপাচার্য বলেন, বহুদিন পরে একটি মুক্ত পরিবেশে ডাকসু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই সবার মধ্যে মোটামুটি একটা ঐক্যমত ও সমঝোতা তৈরি হোক যাতে সবাইকে নিয়ে আমরা এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারি। এবিষয়ে পরবর্তী সময়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রদলের বাক-বিতণ্ডার ঘটনায় ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে উপাচার্যকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ছাত্রদলের সঙ্গে প্রশাসনের এক বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।