সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে নিহত ফায়ার সার্ভিসের কর্মী শহীদ মনিরুজ্জামানের স্মরণে কুমিল্লার নাঙ্গলকোটে ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
শনিবার উপজেলার নাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাইয়ারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশন এই বৃত্তি দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানউল্লাহ মামুন খান, জাহাঙ্গীর আলম, আবদুল আলি, অধ্যক্ষ ইমরান হোসেন, ইউপি সদস্য জামাল উদ্দিন, কাজী গোলাম রসুল, নুরুজ্জামান, ওসমান গনী ও ওবায়দুল হক মোল্লা প্রমুখ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, এই বৃত্তি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
শহীদ মনিরুজ্জামানের ভাই লুৎফর রহমান ২০২৫ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। শহীদ মনিরুজ্জামানের স্মৃতি সংরক্ষণ, তার আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করাই ফাউন্ডেশনের লক্ষ্য।
২০২২ সালের ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানো ও মানুষের জীবন রক্ষার কাজে গিয়ে কুমিরা ফায়ার স্টেশনের নয়জন ফায়ার সার্ভিসকর্মী নিহত হন। মনিরুজ্জামান ছিলেন তাদের একজন। ওই বছরের এপ্রিলেই তিনি ঢাকার প্রধান কার্যালয় থেকে কুমিরা ফায়ার স্টেশনে বদলি হয়েছিলেন। পরদিন ৫ জুন তার মরদেহ গ্রামের বাড়ি নাইয়ারায় আনা হয়। ৬ জুন চৌকুড়ি জিস পুকুরপাড়ে বীর মুক্তিযোদ্ধা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
মনিরুজ্জামান ১৯৯২ সালের ১ জানুয়ারি নাঙ্গলকোটের নাইয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, মা শরিফা বেগম। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। চৌকুড়ি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ থেকে এইচএসসি ও উদ্ভিদবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি চিকিৎসাসেবা বিষয়ে প্রশিক্ষণ নেন।
২০১৭ সালে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন এবং দীর্ঘদিন ঢাকার হাজারীবাগ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারিতে ফায়ার সার্ভিসের এক প্রতিযোগিতায় দলনেতা হিসেবে তিনি ব্যক্তিগতভাবে প্রথম স্থান অর্জন করেন।