হোম > শিক্ষা

ক্যালেন্ডার বিতর্কের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার নামে বিতর্কিত লেখা সংবলিত ক্যালেন্ডার প্রকাশের ঘটনায় চার ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল থাকার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। ক্যালেন্ডারটি গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত “অধ্যক্ষ সম্মিলন ২০২৬”-এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করেছে:

১. ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়েছে;

২. যেসব অধ্যক্ষ ও অতিথির কাছে ক্যালেন্ডার পৌঁছেছে, সেগুলো ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে;

৩. ক্যালেন্ডার প্রস্তুত, যাচাই ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে;

৪. ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের একটি প্রকাশনার ক্ষেত্রে প্রস্তুত, সম্পাদনা, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা প্রত্যাশিত ছিল। দায়িত্বে অমনোযোগিতা ও অবহেলার এ ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। তদন্তে আরও কেউ দায়ী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধেও দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো শিথিলতা বা নমনীয়তা প্রদর্শনের অবকাশ নেই।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

কমিউনিকেশনস এক্সপার্টকে প্রত্যাহার: রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার (চুক্তিভিত্তিক) পদের দায়িত্ব ২৯ নভেম্বর থেকে প্রত্যাহারের কথা জানানো হয়।

জনসংযোগ কর্মকর্তা বরখাস্ত: রেজিস্ট্রার স্বাক্ষরিত আরেক আদেশে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর কারণ হিসেবে তাকে উদ্দেশ করে বলা হয়—২৮ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় অধ্যক্ষ সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অধ্যক্ষদের মধ্যে বিতরণকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুল থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা আপনার অবহেলাজনিত ও দায়িত্বে অবহেলার শামিল।

আপনার এহেন কর্মদক্ষতা ও আচরণ চাকরি শৃঙ্খলার পরিপন্থী বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮-এর ১০(১) ধারা মোতাবেক আপনাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে দর্শানোর জন্য আপনাকে বলা হলো।

সাময়িক বরখাস্তকালীন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) (সংবিধি-৮)-এর ১০(৩) ধারা অনুযায়ী আপনি খোরাকি ভাতা প্রাপ্ত হবেন। সাময়িক বরখাস্তকালীন আপনি রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত থাকবেন।

তিন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ: রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পৃথক এক অফিস আদেশে জনসংযোগ দপ্তরের তিন কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন—জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়্যেবা তাসনীম সিরাজ, উপ-পরিচালক আতিকুর রহমান ও উপ-পরিচালক মো. কামরুল হাসান। আদেশ অনুযায়ী, তাদের সবাইকে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত উপ-রেজিস্ট্রার হিসেবে পদায়ন করা হয়েছে।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে ‘কেফিয়াহ মার্চ’

এইচএসসিতে ১-১০% পাস, ২২ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শোকজ

তথ্যের অধিকার নিশ্চিতে তরুণদের ‘অ্যাম্বাসেডর’ হওয়ার আহ্বান ডা. জাহেদের

ছাত্রদলের অবরোধের মুখে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম বাতিল

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে

জবিতে মিলছে না শীতকালীন ছুটি

রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করতে হবে, জ্ঞান কাজে লাগাতে হবে মানুষের কল্যাণে: ইউজিসি চেয়ারম্যান

আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ