হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলে ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হলটির আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার সন্ধ্যা ৭টায় হলের মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষায় অসামান্য মেধার স্বাক্ষর রাখা এবং প্রথম সারির ফলাফল অর্জনকারী ৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি হলে আয়োজিত আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজনুর বর্ণ বলেন, এত সুন্দর একটি আয়োজন করার জন্য হল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের ফল হিসেবে এই সাফল্য অর্জন করতে পেরেছি। আজকের এই আনুষ্ঠানিক সংবর্ধনা আমাদের ভবিষ্যতে আরও বড় অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত আনজুমান মিতা বলেন, বিভাগে প্রথম হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। তবে এই অর্জন শুধু আমার একার নয়—শিক্ষক, পরিবার ও সহপাঠীদের সার্বিক সহযোগিতা এবং অনুপ্রেরণার ফসল। হলের এই স্বীকৃতি আমাকে অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে আরও ভালো করার নতুন শক্তি দেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই নারী শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল করছেন। অধিকাংশ বিভাগেই মেধা তালিকার প্রথম দিকে মেয়েদের উপস্থিতি চোখে পড়ার মতো, যা অত্যন্ত আনন্দদায়ক ও ইতিবাচক। একসময় নারীরা নানা সুযোগ থেকে বঞ্চিত ছিলেন, আর এখন তারাই মেধার স্বাক্ষর রেখে সামনের সারিতে উঠে আসছেন। এটি আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

তিনি আরো যোগ করেন, আমি আশা করি, আপনারা জুলাই-৩৬ হলকে শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখবেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করে বিভাগ, হল ও বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছেন। এই মেধা ও সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস।

জুলাই-৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাভলী নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. শরিফুল ইসলাম, শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষ ড. সারওয়ার জাহান, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. শরমিন হামিদ, মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. আশিয়ারা খাতুন, রহমাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড. মোসা. ইসমত আরা বেগম, রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. সাবিনা সুলতানা, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. তারান্নুম নাজসহ জুলাই-৩৬ হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা।

‘হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না’, মধ্যরাতে উত্তাল চুয়েট

অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ লিখে বহিষ্কার, ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে স্বাগত, ৭ দফা দাবি শিক্ষার্থীদের

প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

নতুন ভিসিকে প্রত্যাখ্যান, ৬ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী

পিবিআই কর্মকর্তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রশিক্ষণ শুরু

হঠাৎ জ্বর, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু ঢাবি শিক্ষার্থীর

‘চাঁদা না দিলেই লুটপাট, এভাবে দেশ চলতে পারে না’