রাজধানীর মগবাজার এলাকায় আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থী পরিবহনের ‘কিঞ্চিৎ’ বাস। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
জানা গেছে, দুপুরের ডাউন ট্রিপে চলাচলরত ‘কিঞ্চিৎ’ বাসটি মগবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়। মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের ওপরের একপাশ ভেঙে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন রাফিদ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে তিনি জানান, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে বাসটি দুর্ঘটনার শিকার হয় এবং এতে কয়েকজন শিক্ষার্থী আঘাত পান। আহতদের মধ্যে ১-২ জনকে নিকটবর্তী একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রাফি বলেন, “৩টা ২০ মিনিটের কিঞ্চিৎ বাস ট্রিপ চলাকালে মগবাজারে ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের ওপরের অংশ ভেঙে যায় এবং কয়েকজন শিক্ষার্থী ব্যথা পান। আহতদের মধ্যে ১-২ জনকে ফার্মেসিতে ড্রেসিং করানো হয়েছে।”
ঘটনার বিষয়ে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “এই রুটে অভিজ্ঞ ড্রাইভার থাকা সত্ত্বেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, যা খামখেয়ালির ইঙ্গিত দেয়। আমরা বাস কমিটি ও সংশ্লিষ্ট ড্রাইভারের সঙ্গে কথা বলেছি। বিআরটিসি কর্তৃপক্ষকে সব চালকদের আরও সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছি।”
এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিএফডিসি-সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ৫ থেকে ৬ শিক্ষার্থী আহত হন।
এদিকে পরপর দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এসআর