হোম > শিক্ষা > ক্যাম্পাস

অগ্নিসন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আপস নয়: ছাত্রদল

প্রতিনিধি, ঢাবি

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা, অগ্নিসন্ত্রাস ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় ‘রক্তচোষা হাসিনা, বাংলাদেশে আসবে না’ এবং ‘জুলাই গাদ্দার হাসিনা, বাংলাদেশে আসবে না’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের পরিবেশ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ২৭৮ জন শ্রমিকসহ প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সাংবাদিকও রয়েছেন। এত মানুষের প্রাণহানির পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং দলটি আবারও তার পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরে গেছে।

তিনি বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে আশঙ্কার কথা বলেছিলেন, আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডে সেই পরিস্থিতিরই প্রতিফলন দেখা যাচ্ছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে একটি গোষ্ঠী দেশের পরিবেশ নষ্ট করতে চায়। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

আমানুল্লাহ আমান আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীতে আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি নিয়ে যে মন্তব্য করেছিলেন, বর্তমান পরিস্থিতি তারই প্রতিফলন। আওয়ামী লীগের অপতৎপরতার কারণে দলটি একসময় জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিদেশ থেকে অর্থের জোগান পেয়ে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ তাদের এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।

অগ্নিসন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, যারা সাধারণ মানুষের ওপর বোমা হামলা চালাবে, যানবাহন ও রাষ্ট্রীয় সম্পদে আগুন দেবে এবং জননিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেকেই বিভিন্ন সময়ে আপসকামী অবস্থান নিয়েছেন। কেউ কেউ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আন্দোলনের মাঠে সক্রিয় ছিল। ভবিষ্যতেও দেশের কোথাও কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

আমানুল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের অবশিষ্ট সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা পর্যন্ত ছাত্রদলের আন্দোলন অব্যাহত থাকবে। এ মিছিলকে দেশের মুক্তি, সার্বভৌমত্ব ও রাষ্ট্র রক্ষার আন্দোলনের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানে মুখোমুখি ছাত্রদল-শিবির, ধাক্কাধাক্কি ও হাতাহাতি

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

ভিক্টোরিয়া পার্কের সামনে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক

জবির সেই পাঁচ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

রাকসু নির্বাচনের দাবিতে আম্মারের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে অবস্থান