বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষভাবে আইসিটি, এআই ও সেলফ ডেভেলপমেন্ট বিষয়ে মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার সকালে ইসলামি আরবি বিশ্ববদ্যিালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রর উদ্যোগে ‘মাদরাসায় উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আরো বলেন, অন্যান্য শিক্ষা ধারার শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের যে ধরনের দক্ষতা ও সুযোগের ব্যবধান তৈরি হয়েছে, তা কমিয়ে আনতে চায় সরকার। মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে তাদের জাতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, কর্মশালার আলোচনার ভিত্তিতে চলতি মাসের মধ্যেই একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। পরে তা শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। কারিকুলাম যুগোপযোগী করার ক্ষেত্রে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ নেওয়া হয়েছে জানিয়ে ইউজিসির এই সদস্য বলেন, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার নানা ধরনের প্রকল্প ও পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারের সে সকল পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক), প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহিনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম।
কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হুসাইন আহমাদ এর সঞ্চালনায় রিসোর্স পার্সন ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. খন্দকার এ মামুন ও বিডিজবস. কম লিমিটেড এর ডিজিএম, প্রোগ্রাম এন্ড একটিভেশন, মোহাম্মদ আলী ফিরোজ।
এরআগে সকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।