ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের অনলাইন আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ৮টা থেকে আবেদন করা যাবে এবং তা চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে চারটি ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ৩০ নভেম্বরের মধ্যে প্রথম ধাপ সম্পন্ন করার পাশাপাশি ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের convocation.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি মোট চারটি ধাপে সম্পন্ন হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা ও পেমেন্ট সম্পন্ন করতে হবে।
আগামী ২৬ জানুয়ারি ২০২৭ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি। সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এবারের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ ডিগ্রি প্রদান করা হবে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
যারা অংশ নিতে পারবেন:
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
এ ছাড়া ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেসব ফলাফলও ৫৪তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা হবে। ফলে সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও এবারের সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি, আয়োজনের বিভিন্ন কার্যক্রম এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন ও এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি এবং একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিকে সমাবর্তনের প্রস্তুতি ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।