কৃষি শিক্ষার্থীদের আন্তর্জাতিক এক্সচেঞ্জ কার্যক্রম সম্প্রসারণ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় এক্সচেঞ্জ কো-অর্ডিনেটরস মিটিং-নেক্সকো ২০২৬’।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চাষি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ আয়োজন করে কৃষি শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস)-এর বাকৃবি শাখা।
আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইয়াসের স্থানীয় কমিটির প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল উদ্যোক্তা ও গবেষণাবিষয়ক জ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের মাধ্যমে নতুন এক্সচেঞ্জ সাইট খুঁজে বের করা। পাশাপাশি জাতীয় ও স্থানীয় কমিটির মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং এক্সচেঞ্জ কার্যক্রমকে আরও কার্যকর করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াস-বিএইউয়ের লোকাল ডিরেক্টর কে এম আসিফ আল-রেহমান সাম্য, জাতীয় এক্সচেঞ্জ সমন্বয়ক নাফিস উদ্দিন এবং কোফ্রুট লাইফের প্রতিষ্ঠাতা খালিদ আহসান নাবিদ। এতে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ইয়াস কমিটির প্রায় ৭০ জন প্রতিনিধি ও সমন্বয়ক অংশ নেন।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তিস্তা ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।
দিনব্যাপী এই আয়োজনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় এক্সচেঞ্জ বুটক্যাম্প, এক্সচেঞ্জ কার্যক্রমের মৌলিক বিষয় নিয়ে আলোচনা এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হোস্ট পিচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্ভাবনা সুন্দরভাবে তুলে ধরেন।
বিকালে দ্বিতীয় পর্বে ‘নো ইচ আদার’ শীর্ষক পরিচিতিমূলক সেশনের পর অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কৃষি জাদুঘর পরিদর্শন করেন। পরে হোস্ট পিচ প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সবশেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
আয়োজনের বিষয়ে ইয়াস-বিএইউয়ের লোকাল ডিরেক্টর কে এম আসিফ আল-রেহমান সাম্য বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানীয় কমিটির এক্সচেঞ্জ সমন্বয়ক ও প্রতিনিধিদের একত্র করা এবং আন্তর্জাতিক এক্সচেঞ্জ কার্যক্রম সম্পর্কে জ্ঞান, অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল। এ আয়োজনের মাধ্যমে আমাদের সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন স্থানীয় কমিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আমরা আশাবাদী।