বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে ‘এমএসএস ইন সমাজবিজ্ঞান’ প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিয়া ইয়াসমিন চৌধুরী সফলভাবে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ৪ দশমিক ০০-এর মধ্যে ৩ দশমিক ৩০ সিজিপিএ অর্জন করে তাঁর মেধা ও অধ্যবসায়ের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন।
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তানিয়া ইয়াসমিন চৌধুরীর এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাউবি প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স, পেশা, ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক পরিচয় যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টি অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তানিয়া ইয়াসমিন চৌধুরীর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সেই অঙ্গীকারেরই একটি তাৎপর্যপূর্ণ প্রতিফলন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে একটি পৃথক স্টাডি সেন্টার স্থাপন করে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সমাজের এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক শিক্ষায় অংশগ্রহণ ও নিজেদের যোগ্যতা বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ সম্প্রসারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি, এ ধরনের অন্তর্ভুক্তিমূলক শিক্ষামূলক কার্যক্রমের প্রসার ও উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।