হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবি ছাত্রদল সম্পাদকের আক্ষেপ, যদি ঢাবি শিক্ষার্থী হতাম

প্রতিনিধি, চবি

জুলাই আন্দোলনে আব্দুল্লাহ আল নোমান

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যেই নিজের ছাত্ররাজনীতির অপূর্ণ স্বপ্ন ও আক্ষেপের কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

গত শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দীর্ঘ রাজনৈতিক পথচলা, জুলাই আন্দোলনে ভূমিকা, শহীদ ওয়াসিম আকরামের শাহাদাত এবং ভবিষ্যৎ ছাত্ররাজনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

পোস্টে নোমান বলেন, আজ যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতাম এবং ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেতাম, তাহলে হয়তো আরও বৃহৎ পরিসরে মানুষের অধিকার, গণতন্ত্র ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করার সুযোগ পেতাম।

তিনি বলেন, দীর্ঘদিনের গুম, খুন, মামলা, নির্যাতন ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতেও তারা অংশ নিয়েছেন এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন। সেই ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই আন্দোলন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে নোমান বলেন, আন্দোলনের উত্তাল সময়ে শহীদ ওয়াসিম আকরাম তার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অংশ নিয়ে শাহাদাত বরণ করেন। তার আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় এবং শহীদ ওয়াসিম জাতীয়তাবাদী শক্তি ও ছাত্রদলের গর্বের বিষয়।

আন্দোলনের সময় নিজের পা হারানোর ঝুঁকি নিয়েও ক্র্যাচে ভর করে রাজপথে থাকার কথা জানিয়ে নোমান বলেন, সহযোদ্ধাদের নিয়ে আন্দোলনকে চলমান ও বেগবান রাখার চেষ্টা করেছেন তিনি। দিন-রাত রাজপথে কেটেছে, সহ্য করেছেন নানা ধরনের নির্যাতন। তবে লক্ষ্য থেকে সরে যাননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে কেন্দ্রীয় পর্যায়ে ছাত্ররাজনীতি করার সুযোগ না পাওয়ার আক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, মাঝে মাঝে মনে হয়, আজ যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতাম এবং ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেতাম, তাহলে হয়তো আরও বৃহৎ পরিসরে মানুষের অধিকার, গণতন্ত্র ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করার সুযোগ পেতাম। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই আক্ষেপ অবশ্যই আছে।

তবে এই আক্ষেপের চেয়েও দায়িত্ববোধকে বড় করে দেখছেন চবি ছাত্রদলের এই নেতা। তার ভাষায়, রাজনীতিতে পদ-পদবি নয়, মানুষের পাশে দাঁড়ানো, ত্যাগ স্বীকার করা এবং কঠিন সময়ে দায়িত্ব পালন করাই একজন কর্মীর প্রকৃত পরিচয়।

৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। তার মতে, আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিহিংসা, দখলদারিত্ব ও আধিপত্যের রাজনীতির পরিবর্তে দায়িত্বশীল, সহনশীল ও গঠনমূলক ছাত্র রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা প্রয়োজন।

তিনি বলেন, ক্ষমতা বা প্রভাব পাওয়া মানেই প্রতিপক্ষকে দমন করা নয়। দায়িত্বশীল অবস্থানে থেকে ভিন্নমতকে সম্মান করা, মানুষের অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাই নতুন ছাত্ররাজনীতির ভিত্তি হওয়া উচিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরে নোমান বলেন, জুলাই-পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিরাপদ, শিক্ষাবান্ধব ও স্বাভাবিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। ছাত্ররাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ বজায় রাখা, তাদের বাস্তব সমস্যার পাশে দাঁড়ানো এবং সব মতের শিক্ষার্থীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাও ছাত্ররাজনীতির দায়িত্ব।

ক্ষমতাসীন অবস্থানেও দখলদারিত্ব ও আধিপত্য বিস্তার না করা, ভিন্নমতের শিক্ষার্থীদের হয়রানি না করা এবং প্রতিপক্ষকে শত্রু হিসেবে না দেখে গণতান্ত্রিক সহযাত্রী হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ ও জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে নোমান বলেন, জুলাইয়ের সংগ্রাম এবং রাজপথে অসংখ্য মানুষের ত্যাগ যেন শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না থাকে, সেই প্রত্যয়েই তিনি এগিয়ে যেতে চান।

তিনি বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের অধিকার থাকবে, শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, ক্যাম্পাস হবে শিক্ষাবান্ধব, ভিন্নমতের প্রতি থাকবে সম্মান এবং রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য।’

তিনি আরো বলেন, ‘আমাদের স্বপ্ন হওয়া উচিত সুন্দর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ার সংগ্রামে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

আব্দুল্লাহ আল নোমানের মতে, রাজনীতি কোনো পদ-পদবির প্রতিযোগিতা নয়; বরং মানুষের জন্য, দেশের জন্য এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য আজীবন দায়িত্ব পালনের অঙ্গীকার।

জেডএম

বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

আন্তর্জাতিক গণমাধ্যমে লন্ডনপ্রবাসী মনসুর আলীর সৃজনশীলতার স্বীকৃতি

পারমাণবিক আইসব্রেকারে চড়ে বাংলাদেশি শিক্ষার্থীর উত্তর মেরু অভিযান

রান্নার সিলিন্ডারে চলছে সিএনজিচালিত অটোরিকশা, বড় দুর্ঘটনার শঙ্কা

যশোর ও মাদারীপুরে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ৮

ঢাকায় ৫৫৯ জন গ্রেপ্তার, মামলা ৪৪

পেশাদার ও রাজনীতিমুক্ত আমলাতন্ত্র গঠনের আহ্বান

কুষ্টিয়ায় আদম ব্যবসায়ীর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়েছে লিবিয়ায় জিম্মিকৃত প্রবাসীর স্বজনেরা

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল আটকাল আদালত

সাদাপাথরে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু