হোম > শিক্ষা > ক্যাম্পাস

সংবিধি অনুমোদনের ৪৫ দিনের মধ্যে জকসু নির্বাচন দাবি জবি বাগছাসের

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জোরালোভাবে দাবি জানিয়েছে, সংবিধি অনুমোদনের ৪৫ দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করতে হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনটির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, গত ১৪ মে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর কিছু প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্পে মাটি ভরাট সম্পন্ন হয়নি,দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম শুরু হয়নি,এমনকি সম্পূরক বৃত্তিও বাজেটে অন্তর্ভুক্ত হয়নি।

সবচেয়ে বড় ক্ষোভ দেখা দিয়েছে জকসু নির্বাচন নিয়ে। ফেরদৌস শেখ বলেন, ছাত্রসংসদের সংবিধি ইতোমধ্যে পাস হলেও তা এখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। ভোটার তালিকা প্রস্তুত না থাকায় নির্বাচনের প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। তার ভাষায়, “আমরা মনে করি প্রশাসনের উদাসীনতার কারণেই শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”

বাগছাসের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে তা হলো—

১. বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সরকারের সঙ্গে সমন্বয় করে সম্পূরক বৃত্তির স্পষ্ট ঘোষণা দেবে, কবে থেকে শিক্ষার্থীরা এ বৃত্তি পাবে।

২. আগামী এক সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রণয়ন শুরু করতে হবে, এবং সংবিধি অনুমোদনের ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

৩. ইউজিসি ও মন্ত্রণালয়কে সাত কার্যদিবসের মধ্যে জকসুর সংবিধি অনুমোদন করতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চকসুর মতো জকসু নির্বাচনও অবশ্যম্ভাবী করতে হবে।

৪. দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

৫. ৭ একরের অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে ফেরদৌস শেখ বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আর কোনো প্রতারণা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট জানাচ্ছি—আওয়ামী ফ্যাসিবাদী আমলের আমলারা এখনো শিক্ষার্থীদের বিষয়ে অসহযোগিতা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এ আন্দোলন শুধু বৃত্তি, আবাসন কিংবা ক্যাম্পাসের জন্য নয়—এটি গণতান্ত্রিক অধিকার পুনঃ-প্রতিষ্ঠার আন্দোলন। প্রশাসন ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের এ দাবির প্রতি দ্রুত সাড়া দেওয়ার আহ্বান করা হয়েছে।

হাদি হত্যার বিচারে সরকারের সদিচ্ছা প্রয়োজন: জাবের

স্বেচ্ছাচারিতার অভিযোগে ৯ ঘণ্টা ধরে তালাবদ্ধ অধ্যক্ষ, পদত্যাগ দাবি

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা

কিউএস র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম

জাবিতে পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে মুক্ত করল ছাত্রদল

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ছয় শিক্ষকসহ ৬৮ শিক্ষার্থী

সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে রাকসুর উদ্যোগ, প্রকাশিত ৮ গ্রন্থ

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজধানীর উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, দিনব্যাপী বিক্ষোভ