মানসম্মত পাঠ্যপুস্তক,অনুবাদগ্রন্থসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ ও বিপণনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন। সভায় বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে ‘কো-পাবলিকেশনস’ কার্যক্রমের আওতায় মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও অন্যান্য প্রকাশনা যৌথভাবে প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব বই মুদ্রণ, প্রকাশ ও বিপণনের ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করার ফলে আমরা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী আরও মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বই প্রকাশ করতে পারব। একইসঙ্গে বাংলা ভাষায় জ্ঞানচর্চা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে। এই সহযোগিতা শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করছি।
ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং এই উদ্যোগ পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক ডক্টর ফারুক আহম্মদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।