হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির ট্রেজারার পদে নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জকসুর

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

রোববার (২৬ জুলাই) জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে জকসু জানায়, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পদে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এনে নিয়োগ দেওয়া গ্রহণযোগ্য হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত অনেক অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রয়োজন সম্পর্কে প্রত্যক্ষ ধারণা রাখেন।

সংগঠনটির মতে, নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য কাউকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও জবাবদিহিমূলক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নিজস্ব প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষকদের উপেক্ষা করে বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলে তা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও শিক্ষকদের প্রতি আস্থার প্রশ্ন তৈরি করবে। পাশাপাশি এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে অসন্তোষের জন্ম দিতে পারে।

জকসু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ বিবেচনায় ট্রেজারার পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক।

এছাড়া দাবি উপেক্ষা করে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলে তা শিক্ষার্থীদের মতামত ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে অবমূল্যায়ন করার শামিল হবে বলেও মন্তব্য করেছে সংগঠনটি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে জকসু।

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান