বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে চমৎকার একাডেমিক ফলাফলের ভিত্তিতে চারজন শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মো. গোলাম সাকলায়েন আনাস, উম্মে হাবিবা ফারিয়া, আমাতুল কিবরিয়া তামান্না ও তায়েবা তাবাসসুম তিশা।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষক ও পরিকল্পনা শাখার পরিচালক ড. মো. আমিরুল ইসলাম এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টার্নশিপ ব্যবস্থাপনা সেলের সমন্বয়ক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। পরবর্তীতে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আল ইমরান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, স্নাতক সম্পন্ন করা এবং সম্মানজনক ডিনস মেরিট অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার বাইরে গিয়ে হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। এ প্রোগ্রাম সফল করতে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশে মৎস্য খাতে শেখার ও কাজ করার অগণিত সুযোগ রয়েছে; ইন্টার্নশিপ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখতে হবে।
জেডএম