হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর

নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলনের আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে এ সম্মিলনের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, অ্যালামনাই সম্মিলন কেবল একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়; বরং প্রিয় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় প্রাঙ্গণে ফিরে আসা, শিক্ষাজীবনের সোনালি দিনগুলো নতুন করে স্মরণ করা, শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষকদের সান্নিধ্য লাভ এবং প্রিয় সহপাঠীদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার এক অনন্য উপলক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বি.এ. (অনার্স), এম.এ., এম.ফিল ও পিএইচডি ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে সম্মিলনে অংশ নিতে পারবেন। এ ছাড়া বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে এমএ শেষ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানরাও জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা ফি দিয়ে সম্মিলনে অংশ নিতে পারবেন।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে সাধারণ সদস্যদের জন্য ৩ হাজার টাকা, নতুন আজীবন সদস্যদের জন্য ৭ হাজার ৫০০ টাকা, পুরোনো আজীবন সদস্যদের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত আজীবন ও সাধারণ জীবন সদস্যদের জন্য ৫০০ টাকা ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে আয়োজকেরা জানান, নির্ধারিত ফি অগ্রণী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সঞ্চয়ী হিসাবে জমা দিতে হবে। এরপর নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য, ছবি ও টাকা জমার রসিদ সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ দিন। সম্মিলনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://csa.ru.ac.bd/isaa/ ওয়েবসাইটে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে একটি অভিন্ন, সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাঁদের অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহযোগিতার কার্যকর সুযোগ সৃষ্টি করতে চান আয়োজকেরা।

তাঁদের প্রত্যাশা, এবারের সম্মিলনের মধ্য দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুদৃঢ় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আয়োজকেরা জানান, সম্মিলনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন বলে তাঁরা আশা করছেন। সম্মিলনের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।

জগন্নাথ হলে প্রতিমা নির্মাণের অর্থায়ন ও অনুমোদন প্রক্রিয়া প্রকাশের দাবি

‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত’, ছাত্রীকে হাবিপ্রবি শিক্ষক দীপক কুমার

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

বাকৃবির জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

অগ্নিসন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আপস নয়: ছাত্রদল

কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানে মুখোমুখি ছাত্রদল-শিবির, ধাক্কাধাক্কি ও হাতাহাতি

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা