উপাচার্যের আশ্বাসের পরও অনাস্থা প্রকাশ করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে আন্দোলনরত কর্মকর্তারা। তবে শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিবেচনায় নিয়ে কর্মসূচির সময়সীমা কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা।
আন্দোলনকারীরা জানান, আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচির সময় কমানো হয়েছে।
তাদের অভিযোগ, পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর কাছ থেকে একাধিকবার আশ্বাস পাওয়া সত্ত্বেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ আলোচনাতেও কোনো কার্যকর অগ্রগতি না থাকায় তারা আশ্বাসের ওপর আস্থা হারিয়েছেন। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনরত কর্মকর্তারা আরও বলেন, শুরুতে কর্মবিরতি এবং পরে অবস্থান কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হবে বলে তারা সতর্ক করেন।
এর আগে গত ২৮ জুন নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় উপাচার্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।
আন্দোলনকারীরা জানান, আগামী ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেদিনের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।