হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক ১

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ৯টার দিকে সিলেটের গোয়াবাড়ী চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. হাবিবুল্লাহ মেসবাহ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ীর কুচারপাড়ায় টিউশনি পড়াতে যান মেসবাহ। রাত ৯টার দিকে টিউশনি শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি (নেপালি) হোস্টেলের সামনে পৌঁছালে তিন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তাকে পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী হাবিবুল্লাহ মেসবাহ বলেন, টাকা ও মোবাইল নেওয়ার পরও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত অবস্থায় সামনে এগিয়ে স্থানীয়দের কাছে সাহায্য চাই। এলাকাবাসীর তাৎক্ষণিক সহযোগিতায় তিন ছিনতাইকারীর মধ্যে একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করে।

মামলার বিষয়ে তিনি বলেন, জালালাবাদ থানায় গিয়ে মামলা করতে আগ্রহ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজে বাদী না হয়ে আমাকে বাদী হতে বলেছে। তবে এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আটক একজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনায় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, শনিবার রাতেই একজনকে আটক করে থানায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজ মামলা দায়ের করার কথা রয়েছে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ