চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪০০ নবীন ছাত্রী অংশ নেন। তাঁদের মধ্যে ১৫ জন ছিলেন ভিন্ন ধর্মাবলম্বী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক এবং ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সংগঠন বিভাগের দায়িত্বশীল ডা. রিফাহ রায়হানা।
পবিত্র কুরআন তিলাওয়াত ও বাংলা অনুবাদ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা প্রতিনিধি তাওফিকা রহমান ও মাহারিয়া বুশরা। এরপর উদ্বোধনী বক্তব্য দেন শাখার সেক্রেটারি ও চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পরিবেশনা উপস্থাপন করে পারাবার শিশুশিল্পী গোষ্ঠী।
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের বিভিন্ন উপহার ও স্মারক প্রদান করা হয়। উপহারের মধ্যে ছিল ক্রেস্ট, কলমদানি, বুকমার্ক, হাইলাইটার ও বই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নবীন ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। নিয়মিত জ্ঞানচর্চা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা অনুসরণের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ অর্জন সম্ভব। একই সঙ্গে নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়জীবনে আবাসন, পড়াশোনা কিংবা ব্যক্তিগত সমস্যায় কোনো ছাত্রী যেন নিজেকে একা মনে না করেন, সে লক্ষ্যে সংগঠনটি তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চায়। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করাও সংগঠনটির অঙ্গীকার।