ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে দুজন বুধবার এবং বাকি তিনজন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন।
বৃহস্পতিবার বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
পদত্যাগ করা পাঁচ সহকারী প্রক্টর হলেন—আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
প্রো-ভিসি জানান, পাঁচজনই তাদের পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তাদের পদত্যাগের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো চাপ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি তা নাকচ করেন।
অধ্যাপক আলফেছানী বলেন, প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ কিংবা পদত্যাগের অনুরোধ করা হয়নি। বরং তারা গতকাল পর্যন্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছেন।
পদত্যাগ করা সহকারী প্রক্টরদের বিরুদ্ধে প্রশাসনের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।