হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সরাসরি চাকরি বাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সামাজিক উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’র মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এম-ও-ইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভিসি ভবনের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেইজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান।

এই চুক্তির প্রধান উদ্দেশ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ক্যারিয়ার হাব’র একটি সুনির্দিষ্ট কার্যালয় স্থাপন ও পরিচালনা করা। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের শিক্ষার্থীদের কর্মজীবন প্রস্তুতিকরণ, প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি, ব্যক্তিগত ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, শিল্পপ্রতিষ্ঠানের (কর্পোরেট খাত) সঙ্গে সংযোগ স্থাপন এবং চাকরির বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টিতে সমন্বিত সহায়তা প্রদান করা হবে। সংশিষ্টদের মতে, সনাতন একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে এই হাব কার্যকর ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেইজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এবং প্রশাসন গঠিত কমিটির আহ্বায়ক কাজী মোস্তফা আরিফসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ।

ব্র্যাকের প্রতিনিধিদলে সংস্থাটির সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মো. আলিউল আজীম, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্যারিয়ার হাব প্রজেক্টের ম্যানেজার জে. এম. সাইফুল ইসলাম, খুলনা ব্রাঞ্চ ম্যানেজার আদিব আহসান শান্তু, ক্যারিয়ার কাউন্সিলর ফারহা রহমান এবং অ্যাক্টিভেশন অ্যান্ড এনরোলমেন্ট ইউনিটের সাজ্জাদুল ইসলাম।

অনুষ্ঠানে ব্র্যাক ক্যারিয়ার হাবের প্রজেক্ট ম্যানেজার জে. এম. সাইফুল ইসলাম প্রকল্পটির বিস্তারিত তুলে ধরে জানান, বর্তমানে দেশের ৪৭.৫ মিলিয়ন তরুণের মধ্যে বেকারত্বের হার প্রায় ৯.৩৯ শতাংশ, যা উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে সবচেয়ে প্রকট। পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রতি ৩ জন গ্র্যাজুয়েটের একজন বেকারত্ব ভোগ করছেন। এই সংকট সমাধানে ২০২০ সালে সরাসরি তরুণদের কর্মসংস্থানমুখী করতে ব্র্যাক ‘ক্যারিয়ার হাব’ সূচনা করে। এ পর্যন্ত ৭টি সেন্টারের মাধ্যমে ৭১ হাজারের বেশি তরুণকে সংযুক্ত করে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে সরাসরি কাউন্সেলিং করা হয়েছে, যার মধ্যে ৫,৪০০ জনের বেশি তরুণ সরাসরি চাকরি লাভে সফল হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এই মডেলে ক্যারিয়ার সচেতনতা, চার ধাপে শিক্ষার্থী মূল্যায়ন, নিয়মিত কাউন্সেলিং, সিভি প্রস্তুতকরণ, মক ইন্টারভিউ এবং সরাসরি কর্পোরেট এক্সপোজারের সুযোগ থাকবে। চিরাচরিত জব ফেয়ারের বাইরে ‘ক্যারিয়ার এক্সপো’র মাধ্যমে অন-স্পট ইন্টারভিউ আয়োজন করে তাৎক্ষণিক চাকরি নিশ্চিত করা হবে। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক কিংবা তরুণ উদ্যোক্তাদের সঠিক দিকনির্দেশনা ও ব্যাংকিং সহায়তা প্রদানসহ ফেলোশিপ ও গবেষণা অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-সেন্সরস স্পেস’ স্থাপনসহ আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত একাডেমিক চুক্তি জোরদার করা হচ্ছে।

তিনি আরও যোগ করেন, কেবলমাত্র প্রাতিষ্ঠানিক সনদ প্রদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে দক্ষ, পেশাদার এবং কর্মসংস্থানমুখী প্রকৃত মানবসম্পদে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের শহরমুখী চাপ কমাতে ঢাকার বাইরে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এমন আন্তর্জাতিক মানের সুযোগ তৈরি আবশ্যক। ক্রমবর্ধমান উচ্চশিক্ষিত বেকারত্ব নিরসনে সরকারি ও প্রতিষ্ঠান পর্যায়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে আগামী দিনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়।

জেডএম

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

অনুমতি পেলে অপ্রতিমকে কুবি ক্যাম্পাসে দাফন করা হবে

মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

জাবিকে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতার আশ্বাস