হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি এবং নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

কর্মসূচি থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও খুনের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।

বৃহস্পতিবার দিনভর বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতেও স্লোগান দিতে দেখা যায় তাঁদের।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সমাবেশে বলেন, শেখ হাসিনার শাসনামলে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করে তাকে দেশ ছাড়তে হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যার পরও তিনি কোনো অনুশোচনা বা অনুতাপ প্রকাশ করেননি। এ অবস্থায় তাকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না। গত ১৭ বছর ধরে যেভাবে খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, দিল্লিতে বসেও সেই একই সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা কোনোভাবেই মেনে নেবে না।

নাছির উদ্দীন আরও বলেন, গত ১০ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লকডাউনের ঘোষণা দিয়েছিলেন। তবে শিক্ষার্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনগুলো সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছে। একইভাবে আওয়ামী লীগের ডাকা লকডাউনও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এতে জনজীবন স্বাভাবিক রয়েছে।

ছাত্রদলের এই নেতা বলেন, গত ২৪ ঘণ্টায় সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর রাজপথে সক্রিয় ছিলেন। তাঁদের অবস্থানের কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারেনি।’ আগামী দিনেও গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের স্থিতিশীলতা রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে কোথাও পাওয়া গেলে তাঁদের রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন নাছির উদ্দীন।

এদিকে দুপুরের দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। কর্মসূচিতে কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে তৌহিদুর রহমান আউয়াল বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউন দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। রাজধানীর রাস্তাঘাটে যান চলাচলসহ জনজীবন স্বাভাবিক রয়েছে। অন্যায়, রক্তপাত ও হত্যার রাজনীতির সঙ্গে জড়িত শেখ হাসিনার লকডাউন বাংলাদেশে তো নয়ই, পৃথিবীর কোথাও সফল হবে না।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, একজন মানুষের জীবদ্দশায় যত ধরনের চরম পরিণতি ভোগ করার কথা, শেখ হাসিনাকে তার সবকিছুই ভোগ করতে হবে। বাংলাদেশের জনগণ তাঁর দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।

বাকৃবির জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

অগ্নিসন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আপস নয়: ছাত্রদল

কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানে মুখোমুখি ছাত্রদল-শিবির, ধাক্কাধাক্কি ও হাতাহাতি

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

ভিক্টোরিয়া পার্কের সামনে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক

জবির সেই পাঁচ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি