হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন গড়তে হবে: প্রফেসর সিদ্দিকুর

আইআইইউসিতে আন্তর্জাতিক কনফারেন্স

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেছেন, প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন গড়ে তুলতে হবে। মানবিক বিদ্যা কেবল অতীতের জ্ঞান সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বর্তমানকে বোঝা এবং মানবিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এটি একটি অপরিহার্য বুদ্ধিবৃত্তিক ভিত্তি।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এবং গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় ‘হিউম্যানিটিজ ৫.০’ থিমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, হিউম্যানিটিজ ৫.০ নিছক কোনো নতুন অ্যাকাডেমিক বিষয় নয়; বরং মানবজীবনকে আরও ন্যায়সংগত, মর্যাদাপূর্ণ ও অর্থবহ করে তুলতে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন গড়ার একটি বুদ্ধিবৃত্তিক অঙ্গীকার।

তিনি বলেন, সভ্যতার ইতিহাসজুড়ে প্রযুক্তিগত বিপ্লব মানবজীবনকে বদলে দিয়েছে। তবে ঐতিহাসিক প্রমাণ দেখায়, কেবল প্রযুক্তিগত অগ্রগতি একটি সভ্যতার মহত্ত্ব নির্ধারণ করে না। প্রকৃত মহত্ত্বের শিকড় নিহিত রয়েছে মানবতা, নৈতিক মূল্যবোধ, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ, ন্যায়বোধ এবং মানবকল্যাণের অঙ্গীকারে।

তিনি আরও বলেন, ইতিহাস, দর্শন ও সাহিত্য সম্মিলিতভাবে অনুসন্ধানের মাধ্যমে সত্য অন্বেষণ এবং মানবজীবনের বাস্তবতা সম্পর্কে আবেগীয় অন্তর্দৃষ্টি গড়ে তোলে। অন্যদিকে ভাষাতত্ত্ব, সাংস্কৃতিক অধ্যয়ন ও সমাজবিজ্ঞানের মতো শাখাগুলো বহুত্ববাদ ও সহনশীলতা বুঝতে সাহায্য করে। পাশাপাশি ক্ষমতার গতিশীলতা, বৈষম্য ও সামাজিক পরিবর্তনের বিষয়গুলোও স্পষ্ট করে তোলে।

প্রফেসর সিদ্দিকুর রহমান খান বলেন, হিউম্যানিটিজ ৫.০-এর মৌলিক লক্ষ্য হলো প্রযুক্তিগত অগ্রগতি যেন কেবল যন্ত্র ও ডেটার উৎপাদনশীলতা বৃদ্ধির পরিবর্তে মানুষের কল্যাণ, মর্যাদা ও মূল্যবোধের সেবায় নিয়োজিত হয়, তা নিশ্চিত করা। হিউম্যানিটিজ ৫.০ এমন একটি মানসিকতাকে সমর্থন করে, যেখানে মানুষ জ্ঞান, বিবেক, নীতিবোধ ও সৃজনশীলতার মাধ্যমে প্রযুক্তিকে পরিচালনা করবে; এর বিপরীতটি নয়।

তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, রোবটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি মানবজীবন, জ্ঞান সৃষ্টি, কর্মক্ষেত্র এবং সামাজিক কাঠামোকে দ্রুত পরিবর্তন করছে। প্রযুক্তি এখন আর কেবল একটি সুবিধাজনক হাতিয়ার নয়; বরং আমরা কীভাবে চিন্তা করি এবং কীভাবে জ্ঞান উৎপাদন করি, সেটিকেও সক্রিয়ভাবে প্রভাবিত করছে।

আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের সোয়াত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হুসনুল আমিন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহিত উল আলম, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফর্বস এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিরেক্টর স্কট হার্টম্যান।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সে পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ২৪টি দেশের ৪৪টি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে মোট ২৫১টি গবেষণাপত্র উপস্থাপিত হয়।

জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি

পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা

শিক্ষার্থীদের সমালোচনার মুখে ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক স্নিগ্ধা

আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী

আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশের পর ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ