হোম > শিক্ষা > ক্যাম্পাস

তিন বছরে ঢাবিতে চীনা শিক্ষার্থী বেড়েছে ৭৩ শতাংশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি শিখতে চীনা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষার বিশেষ কোর্সে অংশগ্রহণকারী চীনা শিক্ষার্থীর সংখ্যা ১৫ থেকে বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ হিসাবে ২০২৪ সালের তুলনায় চলতি বছর চীনা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৩ শতাংশ।

শুধু শিক্ষার্থীর সংখ্যাই নয়, বেড়েছে অংশগ্রহণকারী চীনা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই প্রবণতা বাংলাদেশ ও চীনের মধ্যে ভাষা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

সোমবার বাংলা ভাষা বিষয়ে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর অফিস সংলগ্ন সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভাষা ও সংস্কৃতি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

সাক্ষাৎকালে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালসহ ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর করতে ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চীনা ভাষাসহ বিভিন্ন তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিতে চায়। একই সঙ্গে চীনের শিক্ষার্থীরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, সে সুযোগও আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

উপাচার্য বলেন, ‘ভাষা ও সংস্কৃতির বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। যে দেশে যাবেন, সে দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানা প্রয়োজন। ভাষা জানলে মানুষের সঙ্গে যোগাযোগ সহজ হয় এবং পারস্পরিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়।’

বর্তমান সরকারের তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিদেশি ভাষা শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। চীনা, জাপানি, কোরিয়ানসহ বিভিন্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে আধুনিক ভাষা ইনস্টিটিউটের কার্যক্রম আরও বিস্তৃত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করবে বলেও আশ্বাস দেন উপাচার্য।

সৌজন্য সাক্ষাতে চীনা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথাও উপাচার্যের কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে খাবারের নাম ও মূল্যসহ মেনু প্রদর্শন, ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

উপাচার্য এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও অবস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। খাবার, ওয়াই-ফাই ও আবাসনসহ তাদের দৈনন্দিন বিভিন্ন সুবিধা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীনের দুটি বিশ্ববিদ্যালয়- Guangdong University of Foreign Studies ও Yunnan Minzu University থেকে মোট ১৫ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার বিশেষ কোর্সে অংশ নেন।

পরের বছর এ সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়ায়। ২০২৫ সালে Yunnan Minzu University, Yunnan University ও Beijing Foreign Studies University থেকে শিক্ষার্থীরা এ কোর্সে অংশগ্রহণ করেন।

চলতি ২০২৬ সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এবার Yunnan Minzu University, Yunnan University, Communication University এবং Guangdong University of Foreign Studies থেকে আসা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার বিশেষ কোর্সে অংশ নিচ্ছেন।

তিন বছরের এই পরিসংখ্যান বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখতে চীনা শিক্ষার্থীদের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৪ সালে ১৫ জন থেকে ২০২৬ সালে ২৬ জনে উন্নীত হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৩ শতাংশ।

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোসত ব্যবসায়ী চক্রের সন্ধান

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড