ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সেই হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা. নুরুল ইসলাম এবং বিডিরেনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীত চুক্তিতে সই করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায় বিডিরেনের কাছ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ভিডিএস), ই-মেইল সার্ভার হোস্টিংসহ বিভিন্ন আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা গ্রহণ করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক সেবা, গবেষণা কার্যক্রম এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, বিডিরেন দেশের একমাত্র জাতীয় শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক, যা দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে একটি উচ্চগতির ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের আওতায় যুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও সেই আধুনিক ও উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের অংশীদার হলো।
তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে তথ্যপ্রযুক্তির নিবিড় সম্পর্ক রয়েছে। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন ও নিরাপদ নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি ভিপিএস, ইন্টারনেট ব্যান্ডউইথ এবং ইমেইল সার্ভার হোস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা পাবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হুসাইন আহমাদ।
উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।