ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ ও ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাকসু কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’, ‘ঢাবিতে হামলা কেন, সালাহউদ্দিন জবাব দে’, ‘ডাকসুতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
রাকসুর সহ-সাধারণ সম্পাদক সালমান সাব্বির বলেন, ডাকসু প্রতিনিধিদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, হামলাটি সুপরিকল্পিত এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে তিনি তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদ-এর প্রতি ইঙ্গিত করে বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না।
বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেন।
রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ডাকসু প্রতিনিধিদের ওপর হামলা শুধু একটি সংগঠনের ওপর নয়, বরং সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক, কর্মচারী ও ব্যবসায়ীদের ওপরও আঘাতের শামিল। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং এর বিচার নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলে রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এইচআর