পাঁচ বছর আগে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ফের নতুন আহ্বায়ক কমিটি পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। নবগঠিত এ কমিটির নেতৃত্বে রয়েছেন আগের কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ ও যুগ্ম আহ্বায়ক আবুল বাশার।
বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং এক মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অতীতেও একই ধরনের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় এবার ঘোষিত সময়সীমার মধ্যে নতুন নেতৃত্ব আসবে কি না, সে প্রশ্নও নেতাকর্মীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। তিন মাসের জন্য গঠিত ওই কমিটি প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করলেও নতুন কমিটি কিংবা সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পর আবারও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, এটি একটি আহ্বায়ক কমিটি। সবার সঙ্গে কথা বলে আমরা বসব। কমিটিকে আরও সম্প্রসারণ করা হবে। যারা দীর্ঘ সময় কাজ করেও পদ পাননি, তাদের অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে সবাইকে নিয়ে কাউন্সিল ও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। বর্তমান আহ্বায়ক কমিটিতে যারা আছেন, তাদের মধ্য থেকেও প্রার্থী থাকবে এবং তারাও এ প্রক্রিয়ার অংশ হবেন।
তিনি আরও বলেন, “দলের দুর্দিনে যারা কাজ করেছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং পরীক্ষিত নেতাকর্মী হিসেবে নিজেদের প্রমাণ করেছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। একই সঙ্গে নতুন যারা দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে চান, তাদের মতামতও গুরুত্ব দেওয়া হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে।”