হোম > শিক্ষা > ক্যাম্পাস

উপাচার্যের আশ্বাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন প্রত্যাহার

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের আশ্বাসে অ্যাকাডেমিক শাটডাউন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। শনিবার শিক্ষক সমাজের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির মধ্যেও ক্লাস ও পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

পদোন্নতির দাবিতে গত ১০ মে দ্বিতীয় দফায় অ্যাকাডেমিক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। একই সময়ে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন বিভাগের ৪৬টি ফাইনাল পরীক্ষাও স্থগিত হয়।

এর মধ্যে ১৪ মে সরকার দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তন করে। সেই তালিকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ও ছিল। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি এর আগে একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শিক্ষকদের দাবি ছিল, দীর্ঘদিন ধরে পদোন্নি সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। তবে নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আলোচনার পর তারা আশ্বস্ত হয়েছেন এবং আপাতত শাটডাউন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। যদিও বিশ্ববিদ্যালয় ১৭ মে থেকে ১৯ দিনের সাধারণ ছুটিতে যাচ্ছে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আবুবকর বলেন, প্রমোশনসহ অন্যান্য জটিলতার দাবিতে শিক্ষকরা আন্দোলন করছিলেন। উপাচার্য পরিবর্তনের সঙ্গে শিক্ষকদের আন্দোলন স্থগিত হওয়া স্বস্তির বিষয়। আমরা আশা করবো, বর্তমান উপাচার্য ও প্রশাসন সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করবে এবং বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ইয়াছিন হোসেন বলেন, শিক্ষকদের পক্ষ থেকে সাবেক উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করার অর্থ ছিল তার নেতৃত্বের প্রতি অনাস্থা। নতুন উপাচার্যের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল। শুনেছি, তিনি পদোন্নতির বিষয়েও আশ্বাস দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির বলেন, নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আলোচনায় তিনি সকল শিক্ষকের জন্য পদোন্নতি বিষয়ে যৌক্তিক সমাধানের কথা বলেছেন।

সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদেকুর রহমান বলেন, উপাচার্যের সঙ্গে পদোন্নতি জটিলতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি, বিষয়টি দীর্ঘসূত্রিতায় না গিয়ে দ্রুত সমাধান হবে।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট ও সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। পদোন্নতির বিষয়টিও আলোচনায় এসেছে। ইউজিসির সঙ্গে আলোচনা করে যৌক্তিক একটি সমাধানের পথ বের করার চেষ্টা করবো।

জেডএম

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

ভারতের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ঢাকার বস্তিবাসিদের জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু

মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

নেপালে বন্যায় নিখোঁজ ৩০০ ভারতীয়

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মুসলিম দেশগুলোকে ইরানের আহ্বান

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ইরান-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে যেভাবে চড়ছে উত্তেজনার পারদ