কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ফের মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণে জৈবিক পরীক্ষা (বায়োলজিক্যাল টেস্ট), কিশোর অপরাধসংক্রান্ত আইন সংশোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের পরিবারের সদস্যদের চরিত্রহনন বন্ধের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বয়স নির্ধারণে কোনো ধরনের অনিয়ম বা ছলচাতুরি বরদাশত করা হবে না। জৈবিক পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যার মতো গুরুতর অপরাধে কিশোরদের ব্যবহার বন্ধে বিদ্যমান আইন সংশোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহনন বন্ধের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, আমরা আজ অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়েছি। আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা চাই, এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। একই সঙ্গে কিশোর অপরাধের বিচারসংক্রান্ত আইনটি পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন, যাতে আইনের সুযোগ নিয়ে কেউ শিশু-কিশোরদের ব্যবহার করে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে না পারে। অভিযুক্তদের বয়স নিয়ে প্রশ্ন থাকলে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।
মানববন্ধনে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, অপ্রতিম হত্যার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকবেন। অভিযুক্তদের বয়স নিয়ে প্রশ্ন ওঠায় তাদের জৈবিক পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি না করে সঠিক তথ্য প্রকাশের জোর দাবি জানাচ্ছি।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, বাংলাদেশের প্রচলিত বিচারব্যবস্থা নানা কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সন্তানদের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, অথচ যথাযথ বিচার নিশ্চিত হচ্ছে না। একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে বিচারপ্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আমরা চাই না আর কোনো সন্তানের জীবন এভাবে অকালে ঝরে যাক। অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাংলা বিভাগ প্রতিবাদ অব্যাহত রাখবে বলে তিনি জানান।