হোম > শিক্ষা > ক্যাম্পাস

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলায় কলেজ ছাত্রশিবিরের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের সৌন্দর্যবর্ধনে সীমানাপ্রাচীরে থাকা জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা।

শনিবার কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোন্তাকিম আহমেদ ও সেক্রেটারি সাইমুন ইসলাম সানি এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘদিনের অন্যায়, স্বৈরাচার ও দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষের সাহসী প্রতিরোধ ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ঢাকা কলেজ ক্যাম্পাসের দেয়ালে অঙ্কিত গ্রাফিতিগুলো নিছক দেয়ালচিত্র নয়; বরং এগুলো জুলাইয়ের সংগ্রাম, আত্মত্যাগ, প্রতিবাদ ও ঐতিহাসিক চেতনার দৃশ্যমান স্মারক। সেই গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে একটি ঐতিহাসিক অধ্যায়ের স্মৃতিকে আড়াল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল শুধু ইট-পাথরের অবকাঠামো নয়; তা শিক্ষার্থীদের চিন্তা, প্রতিবাদ, সৃজনশীলতা ও ঐতিহাসিক চেতনা প্রকাশের অন্যতম মাধ্যম। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি ও ইতিহাসের প্রতি অবজ্ঞার শামিল। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে কোনো ঐতিহাসিক স্মারক মুছে ফেলার সংস্কৃতি কখনোই কাম্য নয়।

মুছে ফেলা গ্রাফিতি পুনরায় অঙ্কনের আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের এই নেতৃবৃন্দ বলেন, আমরা এ ঘটনার যথাযথ ব্যাখ্যা দাবি করছি এবং মুছে ফেলা গ্রাফিতিগুলো পুনরায় অঙ্কন ও সংরক্ষণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়, এটি এ দেশের ছাত্রসমাজ ও আপামর জনতার সম্মিলিত সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। দেয়াল থেকে গ্রাফিতি মুছে ফেলা গেলেও ইতিহাসের বাস্তবতা ও মানুষের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয় বলে উল্লেখ করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এর আগে, গতকাল শুক্রবার ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের সৌন্দর্যবর্ধনকে ঘিরে সীমানাপ্রাচীরে থাকা জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা হয়। পরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তারা এ বিষয়ে অবগত ছিলেন না। আর এমন কিছু হলে তা পুনরায় লেখা হবে।

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সত্যিকারের সহযোদ্ধা: নাহিদ ইসলাম

আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ

কোডার্সট্রাস্ট ও ইউপিসের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

হাদি হত্যার বিচারে সরকারের সদিচ্ছা প্রয়োজন: জাবের

স্বেচ্ছাচারিতার অভিযোগে ৯ ঘণ্টা ধরে তালাবদ্ধ অধ্যক্ষ, পদত্যাগ দাবি

গবেষণার মাঠ ফেরতের দাবিতে গণপূর্তের কুশপুত্তলিকা দাহ

পিএসসি সংস্কার ও সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ছাত্রশিবিরের ১৩ দফা প্রস্তাবনা