হোম > শিক্ষা > ক্যাম্পাস

পবিপ্রবিতে সকালে শিক্ষকদের ওপর হামলা, বিকেলে বহিষ্কার ৪

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি-বিরোধী অবস্থান ধর্মঘট পালনকারী শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ সোমবার বিকেলে পৃথক চিঠি ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সন্ত্রাস, হানাহানি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বশির উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অনিয়মের অভিযোগে আহসান ফারুক ও সুলতান শওকতকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনির স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুসা ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকদের একাংশ। এর ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রিপন শরীফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন শিক্ষক আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন আমার দেশকে বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার