হোম > শিক্ষা > ক্যাম্পাস

ফ্যাসিবাদীদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নিপীড়নমুক্ত ক্যাম্পাস গড়তে হবে: ডাকসু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ডাকসুর উদ্যোগে মঙ্গলবার ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস. এম. ফরহাদ। শুভেচ্ছা বক্তব্য দেন ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক গ্রন্থের সম্পাদক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শুভেচ্ছা বক্তব্যে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ বইটি শুধু একটি প্রকাশনা নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কষ্ট ও নিপীড়নের একটি প্রামাণ্য দলিল। গেস্টরুম ও গণরুমকে কেন্দ্র করে যে নির্যাতনের সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বাস্তব চিত্র শিক্ষার্থীদের বক্তব্য ও অভিজ্ঞতার মধ্য দিয়ে এই বইয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী বছরের পর বছর ভয়, চাপ ও রাজনৈতিক প্রভাবের কারণে তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলতে পারেননি। তাদের সেই না-বলা কথাগুলো সামনে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের এই অধ্যায় সংরক্ষণ করাই বইটি প্রকাশের অন্যতম উদ্দেশ্য। আমরা চাই, এই গ্রন্থ ক্যাম্পাসে এমন একটি পরিবেশ তৈরির প্রত্যয়কে শক্তিশালী করুক, যেখানে কোনো শিক্ষার্থীকে আর রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে নির্যাতনের শিকার হতে হবে না।

ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, গেস্টরুম-গণরুমের নামে শিক্ষার্থীদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তা ছিল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মৌলিক অধিকারের পরিপন্থী। একটি বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়; এটি শিক্ষার্থীদের অধিকার।

তিনি বলেন, অতীতে সংঘটিত এসব ঘটনার সুষ্ঠু নথিবদ্ধকরণ প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে একই ধরনের সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারে। ডাকসু শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করবে এবং ক্যাম্পাসে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, গেস্টরুম ও গণরুমে শিক্ষার্থীদের ওপর পরিচালিত নির্যাতনের ইতিহাস আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি বিশ্ববিদ্যালয় কখনোই ভয় দেখানো, আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা হতে পারে না; এটি হবে জ্ঞানচর্চা, স্বাধীন মতপ্রকাশ ও নেতৃত্ব বিকাশের নিরাপদ ক্ষেত্র।

তিনি বলেন, ফ্যাসিবাদীদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে আমাদের এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে হবে, যেখানে কোনো শিক্ষার্থী তার রাজনৈতিক মত, পরিচয় বা অবস্থানের কারণে নিপীড়নের শিকার হবে না। ডাকসু শিক্ষার্থীদের পাশে থেকে এই পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

বইটির সহসম্পাদনায় রয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, আফসানা আক্তার, রিয়াদুল ইসলাম যুবা, হোসাইন আহমেদ জুবায়ের, রিজওয়ান মানসুরী, আশফাক উল্লাহ আসিফ, সাইমুম ফেরদৌস ও সুহাইল মাহদীন।

‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক বইটির সৌজন্য কপি উপস্থিত শিক্ষার্থীদের হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া অনুষ্ঠানে গণরুম-গেস্টরুমে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার শিক্ষার্থীরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বইটির সহসম্পাদক রিয়াদুল ইসলাম যুবা অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, হল সংসদের নেতারাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সাভারে পুলিশ হত্যা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

ওসমানী মেডিকেলে হাজিরায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

১১-২০ গ্রেডের সরকারি চাকরিতে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০% বাড়ানোর প্রস্তাব

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্ব দেবে শেকৃবি

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা

মীর আহমাদ বিন কাসেমের সাহসিকতার প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গবেষণার মান ও সক্ষমতা দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি দেওয়ার চিন্তা ইউজিসির

কিশোরগঞ্জে হাসপাতাল থেকে ১৭ দালাল গ্রেপ্তার

দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে উঠল ৩২৭ কোটি টাকা

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম