রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী দুই মাসের আগেই ক্যাম্পাসজুড়ে ফ্রি ও উচ্চগতির ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছে এবং এ জন্য দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের আগেই একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই সেবা নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবাদানকারী দপ্তর পরিদর্শন করছেন, যাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন কি না তা নিশ্চিত করা যায়।
উপাচার্য জানান, আবাসিক হলগুলোতে ইন্টারনেট সেবার মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ বিষয়ে আইসিটি সেন্টার প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন এবং আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. ছাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে উপাচার্য ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেরে-ই-বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রও পরিদর্শন করেন তিনি।