হোম > শিক্ষা > পরীক্ষা

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে ঢাকা সিটি কলেজসহ সব পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে এমন একটি ব্যানার টানানো দেখা গেছে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারো প্রবেশ, ৫ জনের অধিক একত্রে জমায়েত বা মিছিল এবং মাইকিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

কেন্দ্রের ভেতর নকলমুক্ত পরিবেশ ও পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের সাধারণ সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যাবহারিক পরীক্ষা।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার আওতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এইচএসসি পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশ নিচ্ছেন, গতবারের তুলনায় যা ২২ হাজার ৭৬৬ জন বেশি।

সাধারণ ৯ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ৯২ হাজার ৯০৫ জন। সাধারণ ৯ শিক্ষা বোর্ডে ছাত্রী এবং কারিগরি ও মাদরাসা বোর্ডে ছাত্রের সংখ্যা বেশি।

আজ সাধারণ ও কারিগরি বোর্ডে বাংলা এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ বিষয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা পর্ব। এবার ২ হাজার ৬৯৭টি কেন্দ্রের মধ্যে ১৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই ঢাকায়। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপ্রত্র বিতরণ, খাতা সংরক্ষণ, ক্যালকুলেটরের ব্যবহার, শৌচাগার তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটে, তাহলে সারা দেশে সেদিনের পরীক্ষা স্থগিত করে পরে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

এদিকে গতকাল বুধবার সচিবালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানান, কোনো পরীক্ষা কেন্দ্রে নকল ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে।

শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিক্ষাক্রমকে এমনভাবে পরিবর্তন করছি, যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রমকে শিক্ষায় আনতে চাইছি।

সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার তথ্য তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

এমবি

বিসিএসের ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

মাধ্যমিকের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পরিবর্তন

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত হচ্ছে

এসএসসি ও সমমান পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের হিড়িক

প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করা হবে

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই: শিক্ষামন্ত্রী

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থীরা আনন্দিত: প্রতিমন্ত্রী

গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রতিদ্বন্দ্বী ২১ জন

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা