হোম > শিক্ষা > লেখাপড়া

পরিবর্তন হল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, প্রজ্ঞাপন জারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে।

রোববার বিকেলে এ বিষয়ে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ভিত্তিতে গত ২০ মে জারি করা ছুটির প্রজ্ঞাপনে আংশিক সংশোধন আনা হয়েছে। এর ফলে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ ধর্মীয় দিবস উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে ফাতেহা-ই-ইয়াজদাহম এবার ২৩ সেপ্টেম্বর হওয়ায় ছুটির তারিখও একদিন এগিয়ে আনা হয়েছে।

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত আলাদা নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি জানিয়ে থাকে।

ফাতেহা-ই-ইয়াজদাহমের তাৎপর্য

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। আর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা বা ফাতেহা শরিফকে বোঝানো হয়। প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে এ দিবসটি পালন করা হয়ে থাকে।

সুফি সাধক বড়পির হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হয়। ঐতিহাসিকভাবে হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানিতে তিনি ইন্তেকাল করেন বলে উল্লেখ করা হয়। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের বিস্তারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

দিবসটি অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।

এআরবি

শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় রাবি প্রশাসনের ২ অ্যাম্বুলেন্স

বেফাকের সিলেবাসে যুক্ত হচ্ছে শাপলা ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস

শুধু পড়া নয়, নিজের প্রস্তুতিও যাচাই করবে শিক্ষার্থীরা

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শিক্ষার্থীদের জন্য ফিজিকসে আন্তর্জাতিক গবেষণার সুযোগ

আইসিটি দ্বিতীয় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন ও নমুনা উত্তর

গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিয়মিত পরিদর্শনের ভূমিকা

এনসিটিবিসহ ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসছে নীতিমালার আওতায়

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক