হোম > শিক্ষা > লেখাপড়া

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জরুরি: ইউজিসি সদস্য

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, শিক্ষার্থীদের চাকরির উপযোগী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত করলে হবে না, তাদের চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে। এ জন্য একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে যুক্ত করে দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

রোববার গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘স্টার্টআপ, উদ্ভাবন এবং শিল্প খাতের সঙ্গে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ আলোচনার আয়োজন করে।

অধ্যাপক আল-মামুন বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি, শিল্প খাতের বিশেষজ্ঞদের অতিথি শিক্ষক হিসেবে যুক্ত করা এবং কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গবেষণার ফলাফল শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবন, নমুনা পণ্য তৈরি ও বাণিজ্যিকীকরণের পর্যায়ে নেওয়া প্রয়োজন। এতে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ তৈরি হবে।

তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা, উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ইউজিসির নীতিগত সহায়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, যৌথ গবেষণা, গবেষণায় অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে ইউজিসি ও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ ধরনের সহযোগিতায় ইউজিসির অর্থায়নের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

অধ্যাপক মামুন বলেন, শিক্ষার্থীদের বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রম এবং কার্যকর ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্প খাতের বিশেষজ্ঞদের পাঠ্যক্রম উন্নয়ন, অতিথি শিক্ষক ও পরামর্শক হিসেবেও যুক্ত করা প্রয়োজন।

তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে উপযুক্ত অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শিল্প প্রতিনিধিদের সঙ্গে এ ধরনের গোলটেবিল আলোচনা বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা। স্বাগত বক্তব্য দেন গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদিন।

আলোচনায় বিডিরেন, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকস, উর্মি গ্রুপ, ম্যাক্স গ্রুপ, জেনকোর সল্যুশনস, ডেভেলপমেন্ট ডিজাইন কনসাল্ট্যান্টস লিমিটেড, মাসকো গ্রুপ, ডিক্যাথলন, র‌্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনোভেশন আইটি লিমিটেড, জি-উইজেটস কোম্পানি লিমিটেড ও ইকোটেক্স লিমিটেডসহ ১৯টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডুয়েটের শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা অংশ নেন।

গোলটেবিল আলোচনা শেষে ইউজিসি সদস্য অধ্যাপক আল-মামুন শিল্পখাতের প্রতিনিধি ও সমাপনী বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ‘বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন ও সফট স্কিল বিকাশের প্রেক্ষাপটে তরুণদের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন।

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পরিবর্তন হল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, প্রজ্ঞাপন জারি

শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় রাবি প্রশাসনের ২ অ্যাম্বুলেন্স

বেফাকের সিলেবাসে যুক্ত হচ্ছে শাপলা ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস

শুধু পড়া নয়, নিজের প্রস্তুতিও যাচাই করবে শিক্ষার্থীরা

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শিক্ষার্থীদের জন্য ফিজিকসে আন্তর্জাতিক গবেষণার সুযোগ

আইসিটি দ্বিতীয় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন ও নমুনা উত্তর

গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিয়মিত পরিদর্শনের ভূমিকা