মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দেশটির ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের প্রেক্ষাপটে কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও নিচতলায় অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট ও পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করার পর তাদের ছেড়ে দেয়।
এই পরিস্থিতির প্রেক্ষিতে প্রবাসে যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য সকল প্রবাসী বাংলাদেশিকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে হাইকমিশন। এছাড়া প্রবাসীদের নিরাপত্তায় মালয়েশীয় সরকারের সঙ্গে হাইকমিশনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।