হোম > প্রবাস

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

আমার দেশ অনলাইন

প্রযুক্তি, পর্যটন ও অন্যান্য সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে এসব খাতে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি স্থানীয় হোটেলে আয়োজিত ‘এশিয়ান প্রফেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর সপ্তম আসরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘সিজন মিডিয়া’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রথম রাষ্ট্রপতি ড. রাম বরণ যাদব। অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, চীন, মালয়েশিয়া, জাপান, কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

বক্তব্যের শুরুতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করায় আয়োজকদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন বিশেষ করে তরুণদের নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখতে উৎসাহিত করে। একই সঙ্গে কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প, উদ্ভাবন ও অঙ্গীকারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণা জোগায়।

বিশ্ব অর্থনীতিতে এশিয়ার ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রযুক্তি, পর্যটন ও অন্যান্য সৃজনশীল শিল্পে তরুণ উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এশিয়ার তরুণদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা সক্ষমতাকে কাজে লাগানো গেলে অঞ্চলটির অর্থনৈতিক সম্ভাবনা আরও শক্তিশালী করা সম্ভব।

এশিয়ার বিভিন্ন দেশের জনগণ, ব্যবসায়ী, প্রতিষ্ঠান, প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিক এবং তরুণ উদ্যোক্তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, পর্যটন এবং অন্যান্য সৃজনশীল শিল্পে এশিয়ার বিপুল সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

নেপালে উৎকর্ষকে স্বীকৃতি ও উদযাপনের দীর্ঘদিনের প্রচলিত রীতির প্রশংসা করে মো. শফিকুর রহমান দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, নেপালি সমাজের সৌন্দর্য ও দৃঢ়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, নেপালের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য, বুদ্ধের কালজয়ী শিক্ষা এবং দেশটির অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য শান্তিপূর্ণ সহাবস্থান, বিনয়, পারস্পরিক স্বীকৃতি ও শ্রদ্ধাবোধের এক গভীর দর্শনকে সমৃদ্ধ করেছে।

বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। অভিন্ন সমৃদ্ধি অর্জনে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর পাশাপাশি দুই দেশের অভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং গণতান্ত্রিক অভিযাত্রায় পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দূরদর্শী নেতৃত্বের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে শিল্পখাতে দীর্ঘদিনের অবদান ও শিল্প নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পঞ্চকন্যা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি প্রেম বাহাদুর শ্রেষ্ঠকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিন বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে নেপাল ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ‘সিজন মিডিয়া’র চেয়ারম্যান প্রদীপ রাজ আন্তোসহ নেপাল ও এশিয়ার বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের পেশাজীবী, উদ্যোক্তা, শিল্পী, গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে উৎকর্ষ অর্জনে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত